Home ফিচার জ্বালানি লোডিং সফল; রূপপুর প্রকল্পে ৬০ কর্মকর্তাকে সম্মাননা

জ্বালানি লোডিং সফল; রূপপুর প্রকল্পে ৬০ কর্মকর্তাকে সম্মাননা

0
জ্বালানি লোডিং সফল; রূপপুর প্রকল্পে ৬০ কর্মকর্তাকে সম্মাননা

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র-এর প্রথম ইউনিটে সফলভাবে জ্বালানি লোডিং সম্পন্ন হওয়ায় প্রকল্পে কর্মরত ৬০ কর্মকর্তাকে সম্মাননা প্রদান করা হয়েছে। শুক্রবার (১৫ মে) প্রকল্প এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে তাদের এ সম্মাননা দেওয়া হয়।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্মাণকাজ ও প্রথম ইউনিট চালুর প্রস্তুতিতে দায়িত্বশীলতা, পেশাদারিত্ব এবং গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবেই এই সম্মাননা দেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, প্রথম ইউনিটের ‘ফিজিক্যাল স্টার্টআপ’ বা জ্বালানি লোডিং দেশের জ্বালানি খাতে একটি বড় মাইলফলক। এর মাধ্যমে প্রকল্পটি আরও একধাপ এগিয়ে গেছে। একই সঙ্গে প্রকল্পে জড়িত বিভিন্ন সংস্থা ও কর্মীদের সমন্বিত কাজের সক্ষমতাও এতে প্রতিফলিত হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের ইতিহাসে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিদ্যুৎ প্রকল্প। দীর্ঘদিনের পরিকল্পনা ও পরিশ্রমের ফলেই এখন প্রকল্পটি বাস্তবায়নের শেষ পর্যায়ের দিকে এগোচ্ছে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে সফলভাবে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই বিদ্যুৎকেন্দ্র।

অনুষ্ঠান শেষে সম্মাননা পাওয়া কর্মকর্তাদের অভিনন্দন জানানো হয় এবং প্রকল্পের অগ্রযাত্রায় সংশ্লিষ্ট সবার অবদানের প্রশংসা করা হয়।

উল্লেখ্য, প্রথম ইউনিটের জ্বালানি লোডিং কার্যক্রম চলতি বছরের ২৮ এপ্রিল শুরু হয়। পরে ধাপে ধাপে রিঅ্যাক্টর কোরে ১৬৩টি জ্বালানি অ্যাসেম্বলি স্থাপন করা হয়েছে। বিদ্যুৎ উৎপাদন শুরুর আগে এটিকে অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

রাশিয়ার প্রযুক্তিগত ও আর্থিক সহায়তায় নির্মিত এই প্রকল্পে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টর স্থাপন করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here